কূটনৈতিক প্রতিবেদক
জ্বালানি ও অর্থ খাতে সহযোগিতা জোরদারে যৌথ কার্যকরী গ্রুপ (জেডাব্লিউজি) গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও কাতার।
দোহায় গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সাথে পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। বিশেষ করে জ্বালানি ও অর্থ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়। আলোচ্য বিষয়গুলোর অগ্রগতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ দুই খাতে পরস্পরের জন্য লাভজনক সহযোগিতা এগিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে তারা একমত হন।
পররাষ্ট্রমন্ত্রী কাতারের দুই মন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রসঙ্গত, কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী দেশ। বাংলাদেশও দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের জন্য কাতারের সাথে চুক্তিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র-ইরান সঙ্ঘাতকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত থাকায় কাতারের এলএনজি সরবরাহ ব্যবস্থা সীমিত রয়েছে। বর্তমানে বাংলাদেশকে প্রায় দ্বিগুণ দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে। এ দিকে খলিলুর রহমান গতকাল কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সাথে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয়পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরো সম্প্রসারণ ও জোরদারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশী কর্মীদের অবদানের প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গত মঙ্গলবার দোহা পৌঁছায়। প্রতিনিধিদলে আরো রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



