স্বাধীনতার ৫৫ বছরেও জন আকাক্সক্ষা পূরণ হয়নি : অধ্যাপক মুজিব

Printed Edition

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও যোগ্য নেতৃত্বের অভাবে দেশের মানুষের প্রত্যাশা আজও পূরণ হয়নি। সেই কাক্সিক্ষত লক্ষ্য অর্জনেই জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বাটার মোড়ে মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে এ দেশের মুক্তিকামী জনতা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে লাখো মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সেই মূল চেতনাকে ধারণ করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

রাজশাহী মহানগরী জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তারা জুলাই অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে মানুষ আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। তবে পরাজিত শক্তির দোসর ও বিদেশী আধিপত্যবাদী চক্র এই অর্জনকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার অপতৎপরতা রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে এবং সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।’

মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।