বিমানবন্দরে মোবাইল ফোন চুরির দায়ে আনসার সদস্য বহিষ্কার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে মোবাইল চুরি করে বের হওয়ার সময় আটক আনসার সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার ও কালো তালিকাভুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: আশিকউজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে জেনারুল নামে ওই আনসার সদস্যকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। কার্গো ভিলেজের পুড়ে যাওয়া এলাকা থেকে ১৫টি মোবাইল ফোন নিয়ে বের হওয়ার সময় জেনারুলকে তল্লাশি করা হয়। পরে জুতার মধ্যে এসব মোবাইল পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত নাইট শিফটে দায়িত্ব পালন করেন জেনারুল ইসলাম। দায়িত্বে থাকাকালীন কার্গো ভিলেজে আগুন লাগা ভবনের ভেতর ভস্মীভূত দ্রব্যের মাঝে থাকা কিছু বাটন ফোন লুকিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় তিনি ঘটনাস্থলেই ধরা পড়েন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাকে তাৎক্ষণিক চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।