হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

প্রায় প্রতিবছর হজ পালনে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। এ বছর যে সেরকম কোনো অভিযোগ যাতে না ওঠে সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পবিত্র হজ পালনে মুসল্লিদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে যা যা করা দরকার সবই করার নির্দেশ দিয়েছেন।

গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পবিত্র হজ সামনে। রোববার হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। সভায় হজযাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলো চিহ্নিত করে তা কিভাবে দূর করা যায় কিংবা কমিয়ে আনা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এবার হজযাত্রীদের সেবায় যারা নিয়োজিত থাকবেন তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। হাজিদের কোনো দুর্ভোগ পোহাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সর্তক থাকতে হবে।

এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫ শ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। সরকারি উদ্যোগে যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি উদ্যোগে ৭৩ হাজার ৯৩৫ জন। এসব হজযাত্রীর মধ্যে বাংলাদেশ বিমানে যাবেন ৫০ শতাংশ। অন্যরা সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস বিমান সংস্থার ফ্লাইটে যাবেন। হজের ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল রাত থেকে।

সভায় হজ ব্যবস্থাপনার উন্নয়ন, হাজীদের সব তথ্যাদি অনলাইনে সন্নিবেশিত, হজ এজেন্সির কাজের মূল্যায়ন, যেসব হজ এজেন্সি নিয়ে অভিযোগ রয়েছে তা চিহ্নিত করা, হাজিদের গাইডের জন্য মোয়াল্লেম সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের থেকে নিয়োগের (আগামী হজ থেকে) ব্যবস্থা করা প্রর্ভৃতি বিষয়ে আলোচনা হয়।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্যসচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।