স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু ২০২৬ সালের স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনু, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে। ক্রীড়ােেত্র সম্মাননা পাওয়া জোবেরা রহমান লিনু এখন ব্যক্তিগত সফরে সিডনি, মেলবোর্ন ও পার্থ ঘুরে নিউজিল্যান্ড ভ্রমণে রয়েছেন। দেশের বাইরে থেকেই পেলেন এই সুখবর।

১৯৬৫ সালে রাঙ্গামাটির কাপ্তাইয়ে জন্ম নেয়া লিনু বাবার অনুপ্রেরণায় সিলেটের শাহাজীবাজার অফিসার্স কাবে মাত্র আট বছর বয়সে টেবিল টেনিস খেলা শুরু করেন। ১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর ১৯৭৯-২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার জাতীয় মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয়ে অনন্য এক রেকর্ড গড়েন।

এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তার নাম অন্তর্ভুক্ত হয় গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে। দীর্ঘ ১৮ বছর তিনি বিমান বাংরাদেশ এয়ারলায়েন্স স্পোর্টস কাবের হয়ে খেলেছেন। টেবিল টেনিসে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।

আন্তর্জাতিক পর্যায়ে ১৯৮০ সালে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে পঞ্চম স্থান এবং ১৯৮২ সালে ভারতের হায়দরাবাদে পেন্টাঙ্গুলার চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলসে রানার্স-আপ হন। এ ছাড়া ১৯৭৭ ও ২০০০ সালে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি বিভিন্ন ক্রীড়া সংগঠনের দায়িত্বও পালন করেছেন।