পিরোজপুর-২ আসনে ভাইয়ে ভাইয়ে লড়াই

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুর-২ (কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। একই পরিবারের দুই সহোদর ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়ে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী মাঠে নেমেছেন। এতে ওই এলাকায় বাড়তি কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এই আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপির বহিষ্কৃত নেতা মাহমুদ হোসেন। দীর্ঘ দিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা এবং সাংগঠনিক তৎপরতার কারণে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

অন্যদিকে তার আপন ছোট ভাই, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। তিনি জাতীয় পার্টি (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই পরিবারের দুই ভাইয়ের ভিন্ন রাজনৈতিক অবস্থান ও আলাদা দলীয় পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যেমন আগ্রহ সৃষ্টি হয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা-সমালোচনা।

এলাকাবাসীর মধ্যে এ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে দুই ভাইয়ের মধ্যে শেষ পর্যন্ত কে নির্বাচনী মাঠে থাকবেন- এ বিষয়ে পারিবারিকভাবে দ্রুত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পরিবারের ঘনিষ্ঠ এই দুই সহোদর- মাহমুদ হোসেন (স্বতন্ত্র) ও মো: মাহিবুল হোসেন (জাতীয় পার্টি-জেপি) এই নির্বাচনে একই আসনে একে অপরের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।