বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ১০-১৬তম গ্রেডের কর্মচারীদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী দক্ষতা নবায়ন ও পেশাগত উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ‘সঞ্জীবনী কোর্স’ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সমাপ্ত হয়েছে। ১৬ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় সেতু কর্তৃপক্ষের ১০-১৬তম গ্রেডের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। শনিবার অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) মো: দেলোয়ার হোসেন। প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও সরকারের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “সরকারি কর্মচারীরাই হলো রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা একটি ‘নিরাপদ, সমৃদ্ধ বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে কাজ করছি। এই লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মচারীকে সময়োপযোগী প্রশিক্ষণ ও দক্ষতার উৎকর্ষ সাধন করতে হবে। ‘সঞ্জিবনী’ প্রশিক্ষণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি আপনাদের কর্মজীবনের নতুন প্রেরণা। আমি আশাবাদী যে, আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষা আপনাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সকল কাজে প্রতিফলিত হবে।” বিজ্ঞপ্তি।



