গোয়ালন্দে টিসিবির পণ্যের মান নিয়ে অসন্তোষ বেড়েছে প্যাকেজের দাম

Printed Edition

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যের মান ও দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, আগে যেখানে সয়াবিন তেল দেয়া হতো, সেখানে এখন চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল দেয়া হচ্ছে। এ ছাড়া সাবান ও ডিটারজেন্টের মানও আগের তুলনায় খারাপ। একই সাথে একটি প্যাকেজের দাম ৪৭০ টাকা থেকে বেড়ে ৬৭০ টাকা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

গত শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশের টিসিবির বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, একই প্যাকেজের আওতায় সাবান, ডিটারজেন্ট পাউডার এবং চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল বিতরণ করা হচ্ছে। তেলের রঙ ছিল লাল সরিষার তেলের মতো।

লাইনে দাঁড়ানো গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা রুবি, সহিতন, আলমাস, নয়ন, সুলতানা ও তমা বলেন, প্যাকেজের কোনো পণ্যের মানই সন্তোষজনক নয়। সাবান দিয়ে কাপড় ভালোভাবে পরিষ্কার হয় না, ডিটারজেন্ট দিয়ে কাচলেও কাপড় সহজে পরিষ্কার হতে চায় না। ভোজ্যতেল রান্নায় ব্যবহার করলেও স্বাদ পাওয়া যায় না। আগে কম দামে ভালো মানের সয়াবিন তেল পাওয়া যেত। এখন বেশি দাম দিয়ে নিম্নমানের পণ্য নিতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে টিসিবির ডিলার মেসার্স হোসেন ট্রেডার্সের মালিক মো: হোসেন জামান আলিপ বলেন, খাদ্যগুদাম থেকে যে পণ্য সরবরাহ করা হয়, সেটিই তারা বিক্রি করেন। পণ্যের মান বা দাম নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই।

টিসিবি পণ্য বিতরণ তদারকির দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা ও উপজেলা বিআরডিবির কর্মকর্তা মিঠুন কুমার সরকারকে বিক্রয়কেন্দ্রে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে তিনি বলেন, সেদিন পণ্য বিতরণের বিষয়টি তাকে জানানো হয়নি। অভিযোগের বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।