টাকার অভাবে স্বামীর কিডনি নিতে পারছেন না রোকসানা

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

‘আমি বাঁচতে চাই, আমার সন্তানদের জন্য বাঁচতে চাই’ কান্নাজড়িত কণ্ঠে আকুতি জানাচ্ছিলেন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার বাসিন্দা রোকসানা খাতুন (৪৫)। দুই সন্তানের এই জননী বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দু’টি কিডনিই অকেজো হয়ে গেছে। তার স্বামী কিডনি দান করতে চাচ্ছেন। কিন্তু কিডনি স্থানান্তরে খরচের অভাবে তা সম্ভব হচ্ছে না।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর অসুস্থ থাকার পর চলতি বছরের ৩১ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার পর জানা যায় রোকসানার দু’টি কিডনিই অকেজো। স্ত্রীকে বাঁচাতে স্বামী আমিন নিজের সর্বস্ব বিক্রি করে এ পর্যন্ত প্রায় তিন লাখ টাকা ব্যয় করেছেন। বর্তমানে সপ্তাহে দুবার ডায়ালিসিস করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দিনমজুর পরিবারটি।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, স্ত্রীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত স্বামী আমিন। কিন্তু চিকিৎসকদের মতে, কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ছয় থেকে সাত লাখ টাকা, যা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। বিত্তবানরা এগিয়ে এলে সন্তানেরা মাকে ফিরে পাবে।

ঠিকানা: মো. আমিন, বিকাশ/নগদ /রকেট: ০১৪০৪ ৭৩০ ৮০৪ নম্বরে।