ডন
দীর্ঘ ৯ মাস অপেক্ষার পর অবশেষে পরিবারের সদস্যদের কাছে পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আদালতের বিশেষ অনুমতি পাওয়ার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এ বছর এটিই ছিল তার প্রথম পারিবারিক সাক্ষাৎ।
কারাগারের কনফারেন্স রুমে ইমরান খানের সাথে দেখা করেন তার বোন নওরিন নিয়াজি। মাত্র ১৫ মিনিটের এই সংক্ষিপ্ত সাক্ষাতে মূলত তার শারীরিক অবস্থা ও চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা হয়। নওরিন নিয়াজি তাকে জানান যে, উন্নত চিকিৎসার জন্য তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে আদালতের আগাম সতর্কবার্তার কারণে এই সাক্ষাতে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা করার সুযোগ ছিল না। দলের কোনো নেতা বা অন্য কোনো স্বজনকে সেখানে উপস্থিত হতে দেয়া হয়নি।
একই কারাগারে বন্দি স্ত্রী বুশরা বিবির সাথেও আলাদাভাবে দেখা করার সুযোগ পান পিটিআই প্রতিষ্ঠাতা। তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা কথা হয়। এরপর বুশরা বিবি তার আগের সংসারের দুই সন্তান ও অন্য স্বজনদের সাথে আরো ৪০ মিনিট সময় কাটান। দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পেয়ে খান পরিবারে সাময়িক স্বস্তি ফিরে এলেও, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ইমরান খানের প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চালানোর প্রস্তুতি গ্রহণ করছে কারা কর্তৃপক্ষ।



