নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উদথযাপিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক ব্যতিক্রমী সাংবাদিক মিলনমেলার আয়োজন করা হয়।
নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা জেলাসহ দাউদকান্দি, চান্দিনা, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক নীতিশ সাহা, খায়রুল আহসান মানিক, আলী আকবর মাছুম, সাদিক মামুন, মহি উদ্দিন মোল্লা ও খালিদ সাইফুল্লাহসহ অনেকে। বক্তারা বলেন, বর্তমান সময়ে পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি এক বড় দায়বদ্ধতা। এই পেশায় টিকে থাকতে হলে সততা ও নিষ্ঠার বিকল্প নেই। নাঙ্গলকোট প্রেস ক্লাবের এই আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।



