পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

Printed Edition

পাবনা প্রতিনিধি

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা। গত রোববার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কর্মদিবস বৃদ্ধি, লাইসেন্সধারী সব বিড়ি কারখানার জন্য ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেয়া হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিড়ি শিল্প একটি দেশীয় শ্রমঘন শিল্প, যার ওপর নির্ভরশীল দেশের প্রায় ১৮ লাখ শ্রমিক। এদের মধ্যে হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তির সংখ্যাই বেশি। কিন্তু বহুজাতিক সিগারেট কোম্পানির প্রভাবে এ শিল্পে ধারাবাহিকভাবে শুল্ক বাড়ানো হচ্ছে। ফলে একের পর এক বিড়ি কারখানা বন্ধ হয়ে শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।

বক্তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলের মতো বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো: নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল গফুর, আবুল হাসনাত লাভলু এবং জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম।