অর্থনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন মাহমুদুন নবী। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি) এ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে তাকে পদোন্নতি দিয়ে মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মাহমুদুন নবী ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও এমএসসি (তৃতীয় স্থান) পাস করেন। এরপর তিনি প্রভাষক হিসেবে চাকরি করেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ২০০৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণীর কর্মকর্তা (সহকারী পরিচালক) হিসেবে যোগদান করেন। ২০০৬ সালে বিআইবিএম থেকে ব্যাংক ব্যবস্থাপনায় মাস্টার্স (দ্বিতীয় স্থান) পাস করেন। দীর্ঘ দেড় যুগে বাংলাদেশ ব্যাংকে চাকরিকালীন ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ও সর্বশেষ বিআরপিডিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে শ্রীলঙ্কা (ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে), পাকিস্তান (২০০৮-২০০৯ সালের আন্তর্জাতিক আর্থিক সঙ্কটের ওপর), সুইজারল্যান্ড (মুদ্রানীতি বিনিময় হার এবং মূলধন প্রবাহের ওপর কোর্স), মালয়েশিয়া (ইউসিপিডিসির ওপর আইসিসি প্রশিক্ষণ), তুরস্ক (বৈদেশিক ঋণের কার্যকারিতা), চীন (সরকারি প্রতিনিধির সদস্য হিসেবে) এবং সিঙ্গাপুর (দেউলিয়া এবং দেউলিয়া সংক্রান্ত আইএমএফ প্রশিক্ষণ) ভ্রমণ করেন।
বাংলাদেশ ব্যাংকের মেধাবী কর্মকর্তা মাহমুদুন নবীর উল্লেখযোগ্য কাজ হলো বহিঃনিরীক্ষার বিধিমালা প্রণয়ন, ইনভয়েস ফাইন্যান্সিং/ডিসকাউন্টিং, প্রাইভেট সেক্টরের জন্য বৈদেশিক মুদ্রায় লোন প্রাপ্তি উদারীকরণ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এফএবি আমদানি উৎসাহিতকরণ ইত্যাদি।



