মাসিক ‘ক্লিনিং ডে’ আজ

ভবনের আশেপাশের ময়লা পরিষ্কারের আহবান সিটি করপোরেশনের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর প্রতিটি এলাকার পরিবেশের যথেষ্ট অবনতি ঘটেছে। বাসাবাড়ির আশেপাশের এলাকা থেকে সড়ক, মার্কেট, ফুটপাত সর্বত্রই ময়লা আবর্জনায় ভর্তি। সিটি করপোরেশন রাস্তা ও বাসাবাড়ির ময়লা একবার করে সংগ্রহ করলেও রাস্তার পাশে যেসব ‘এসটিএস’-এ এসব ময়লা রাখা হচ্ছে সেখান থেকেও দুষণ ও দুর্গন্ধ ছড়াচ্ছে আশেপাশের এলাকায়। এ ছাড়া জনসাধারণের যত্রতত্র কাগজের টুকরো, বাদামের খোসা, বোতল ফেলার অভ্যাসের কারণে সারাদিনই সড়কে ময়লার স্তূপ জমে থাকছে।

এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ পালন করার ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী আজ শনিবার জুলাই মাসের ‘ক্লিনিং ডে’। এ উপলক্ষে গতকাল এক গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএসসিসি। এতে নাগরিকদের নিজ নিজ বাসভবন, ভবনের ছাদ এবং বাসার চারপাশ পরিষ্কার করার অনুরোধ জানিয়ে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছেন। এ ঘোষণা অনুযায়ী, আজ শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে।

একই সাথে সরকারি-বেসরকারি দফতর, কোয়ার্টার, স্কুল-কলেজ-মাদ্রাসা, মার্কেট, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার আহ্বান জানানো হয়েছে।