ইউআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ আয়োজন

Printed Edition

শিক্ষার্থীদের কর্মদক্ষতা, আর্থিক স্বাক্ষরতা ও ব্যাংকিং খাত সম্পর্কে বাস্তব ধারণা দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘এমপাওয়ারিং ইয়ুথসিজন ২.০’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, আর্থিক সচেতনতা ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) রূপ রতন পাইন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকারি ও বেসরকারি খাতে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে ক্যারিয়ার গড়তে ভালো ফলাফলের পাশাপাশি সহশিক্ষাকার্যক্রমে সম্পৃক্ত থাকাও গুরুত্বপূর্ণ। একই সাথে তিনি শুরু থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং বাংলাদেশ ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং সুবিধা ব্যবহারের আহ্বান জানান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম নাজিম এ চৌধুরী। তিনি কর্মসংস্থান-উপযোগী দক্ষতা, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকার প্রস্তুতি এবং নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের বাস্তবধর্মী দিকনির্দেশনা দেন। প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান ব্যাংকটির ৩১ বছরের কার্যক্রম, অ্যাকাডেমিক উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’ এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের আগে অর্থ ব্যবস্থাপনার দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভিসি অধ্যাপক ড. মো: আবুল কাশেম মিয়া। স্বাগত বক্তব্য দেন বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্ব ও একটি মক ইন্টারভিউ সেশনের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।