এএফপি
ফ্রান্সের ২২টি বিভাগে দাবানল সৃষ্টির সন্দেহে ৩২ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রীষ্মের শুরু থেকে এখন পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ এ তথ্য নিশ্চিত করেন।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নুনেজ জানান, দেশজুড়ে দাবানল মোকাবেলায় কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী জেন্ডারমেরি। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে সহায়তা করছে। বাহিনীর নজরদারি ও তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে। নুনেজ বলেন, ‘গ্রীষ্মের শুরু থেকেই জেন্ডারমেরি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে সহায়তার পাশাপাশি নজরদারি এবং তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।’ ২২টি বিভাগ থেকে আগুন লাগানোর সন্দেহে ৩২ জনকে গ্রেফতারের কথা উল্লেখ করে এই মন্ত্রী বলেন, ‘এ ধরনের অগ্রহণযোগ্য আচরণ ভয়াবহ পরিণতি ডেকে আনে এবং আমাদের দমকলকর্মীদের জীবন ঝুঁকির মুখে ফেলে। এসব অপরাধীকে এখন আদালতের মুখোমুখি করা হবে।’



