স্মরণ সভায় অভিমত

আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল

Printed Edition
সাংস্কৃতিকব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে দেশীয় সাংস্কৃতিক সংসদের দোয়া অনুষ্ঠানে আলোচকরা : নয়া দিগন্ত
সাংস্কৃতিকব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে দেশীয় সাংস্কৃতিক সংসদের দোয়া অনুষ্ঠানে আলোচকরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন এ দেশে সুস্থ ধারার সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের বহুমুখী প্রতিভাধর এক অনন্য দিকপাল। শিক্ষাজীবন থেকেই তিনি সফল সংগঠক ও আদর্শিক সাহিত্য-সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একাধারে লেখক, গীতিকার, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, শিক্ষাবিদ মোটিভেশনাল স্পিকার ও বহু ভাষাবিদ। তার চলে যাওয়া মানে শুধু একজন ব্যক্তির চলে যাওয়া নয়, বরং একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারালো গোটা জাতি।

জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’র আয়োজনে মরহুম ড. ওবায়েদুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

গতকাল সকালে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসেসিয়েশন মিলনায়তন, বেইলি রোড, ঢাকায় এ দোয়া মাহফিলের শুরুতে কুরআন তেলাওয়াত করেন কারি নাসির উদ্দীন আল মামুন। সংগঠনের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদীর সভাপতিত্বে এতে আ জ ম ওবায়েদুল্লাহকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় গবেষণা কমিটির সভাপতি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দীন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান, দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মণ্ডল, বাংলাদেশ কালচারাল অ্যাকাডেমির সভাপতি আবেদুর রহমান ও সেক্রেটারি ইব্রাহীম বাহারী, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল।

অন্যান্যের মধ্যে শিশুসাহিত্যিক শরীফ আবদুল গোফরান, প্রাবন্ধিক ও গবেষক নাসির হেলাল, নাট্যনির্দেশক ও নাট্য গবেষক ডা: আবু হেনা আবিদ জাফর, অ্যাডভোকেট পারভেজ, সাংস্কৃতিক সংগঠক রফিকুল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

ড. আ জ ম ওবায়েদুল্লাহর পরিবার থেকে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী রাবেয়া বেগম, বড় ছেলে মুসান্না, ছোট ছেলে মুয়াজ ও তার ৩ মেয়ে।

দোয়া মাহফিলে ড. ওবায়েদুল্লাহর লেখা ‘মুসলিম আজ ওঠো জেগে’ শিল্পী ওমর ফারুক, ‘রাত কেটেছে স্বপ্নে বিভোর’ শিল্পী ওবায়দুল্লাহ তারেক, ‘জনতা সাগরে বলে যেতে চাই’ মহানগর শিল্পীগোষ্ঠী এবং ‘বহতা নদীর মতো’ গান পরিবেশন করেন শিল্পী তাওহীদুল ইসলাম। নিবেদিত গান পরিবেশন করেন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সহসভাপতি সাইফুল আরেফিন লেলিন। অনুষ্ঠান শেষে মরুহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।