টাইব্রেকার ঠেকানোয় সিদ্ধহস্ত হামজা

রফিকুল হায়দার ফরহাদ
Printed Edition

দেশের নানা প্রান্ত থেকে আসা ১২টি ফুটবল অ্যাকাডেমি। এই অ্যাকাডেমিগুলোকে নিয়ে ২৯ এপ্রিল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছিল বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপ ফুটবল। চার গ্রুপে গ্রুপ পর্ব শেষ করা দল গুলো থেকে দুই ফাইনালিস্ট দল গতকাল ফাইনালে মুখোমুখি হয়। এতে টাইব্রেকারে ৩-০ গোলে ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজ কামাল ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড়ের টু স্টার বোদা ফুটবল অ্যাকাডেমি। দলের এই সাফল্যের মূল কারিগর গোলরক্ষক আমির হামজা। ম্যাচে যেমন তিনি একের পর এক গোল ঠেকিয়েছেন, তেমনি টাইব্রেকারে প্রথম দুই শটই রুখে দেন। সাথে দলের অন্য তিন খেলোয়াড় গোল করায় প্রথমবারের মতো এই অ্যাকাডেমি কাপে শিরোপা জয় দেশের উত্তরাঞ্চল থেকে আসা দলটির। খেলা শেষে জাতীয় দলের দুই সাবেক ফুটবলার মামুন বাবু এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী গোলরক্ষক দুলাল হোসেন ধনু পুরস্কার প্রদান করেন।

রংপুরের বদরগঞ্জের ছেলে আমির হামজা। স্থানীয় লক্ষণপুর স্কুলের দশম শ্রেণীর এই ছাত্র দুর্দান্ত খেলেছেন। তার প্রতিরোধেই ভালো খেলেও গোল পায়নি ফিরোজ কামাল ফুটবল অ্যাকাডেমি। ম্যাচ শেষে তিনি জানান, আমি টাইব্রেকারের সময় সতীর্থদের বলেছিলাম, ‘তোমরা পাঁচ শটের সব ক’টিতেই গোল করো। আমি এক-দুইটা সেভ দেবো। আল্লাহ রহমতে দু’টি বল ঠেকাতে পেরেছি।’ তথ্য দেন, এ পর্যন্ত যতগুলো ম্যাচে খেলা টাইব্রেকারে গড়িয়েছিল, দু-একটি বাদে বাকিগুলোতে এক-দু’টি শট আমি ঠেকিয়েছি। টাইব্রেকার ঠেকিয়ে এমন আরো ৮-১০টি শিরোপা জয় করেছি। তবে এই ট্রফিটিই আমার স্মরণীয়।’

ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা এবং আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ আদর্শ এই আমির হামজার। আর দেশে আনিসুর রহমান জিকো। জানান, ‘মার্টিনেজের টাইব্রেকার ঠেকানোর স্টাইলই আমাকে বেশি প্রেরণা জোগায় এই স্পট কিকে বাধা হয়ে দাঁড়াতে।’ যোগ করেন, ‘এমনও ঘটনা তিন-চারবার আছে যে আমি প্রথম তিন শটের তিনটিই রুখে দিয়েছি।’ জানান, দেশের ফুটবলে হামজা চৌধুরী এখন বড় তারকা। তিনি আমার প্রিয় খেলোয়াড়। সে সাথে উনার নামের সাথে আমারও নাম হামজা। এতে বেশ ভালো লাগছে।

আগেও কয়েকবার ঢাকায় এসেছিলেন। কিন্তু নানা জটিলতায় খেলতে পারেননি। তবে এবার সুযোগ পেয়েই নিজ দলের পোস্টকে রেখেছেন অক্ষত। অর্থাৎ তার দল কোনো গোল হজম করেনি। ফলে ফাইনাল সেরার সাথে হয়েছেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকও। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে ফিরোজ কামাল অ্যাকাডেমির রিমনের দখলে। সর্বোচ্চ গোলদাতা টু স্টার বোদা অ্যাকাডেমির দেব রায়।