শিক্ষামন্ত্রীর সাথে পাকিস্তানের রাষ্ট্রদূত ও ব্রিটিশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

বাসস

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে গতকাল সচিবালয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের শিক্ষা ও সংস্কৃতির পারস্পরিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তান সরকার বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বায়োটেকনোলজি, বিবিএ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনিংসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার বৃত্তি প্রদান করছে।

তিনি আরো উল্লেখ করেন, ‘পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’ ও ‘ট্রেনিং ফর সিভিল সার্ভিস’-এর মতো দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো বর্তমানে সাফল্যের সাথে চলমান রয়েছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দুই দেশের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ এবং ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বা অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আরো জোরদার করার ব্যাপক সুযোগ রয়েছে।

শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতার পরিধি ভবিষ্যতে আরো বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মো: ওয়াসিফ উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ : এর আগে যুক্তরাজ্যের ম্যানেজমেন্ট কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটনের পরিচালক ড. রবিন ক্যারি এবং ড. ডেভিড অ্যাটকিনসন উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।