অনুসন্ধান জোরদারে ১৫ বিশেষ টিম দুদকের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আনা এবং গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি দ্রুত করার লক্ষ্যে ১৫টি বিশেষ অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক নাজমুল হাসানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন বিভাগের অধীনে চলমান অনুসন্ধান কার্যক্রমকে গতিশীল করতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত শেষ করার জন্য ১৫টি টিম গঠন করা হয়েছে। এসব টিম ১ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করেছে এবং দুদক অনুমোদিত কার্যপরিধি অনুযায়ী দায়িত্ব পালন করবে।

প্রতিটি টিমের নেতৃত্বে থাকবেন একজন উপপরিচালক এবং প্রতিটি টিমে পাঁচজন করে কর্মকর্তা কাজ করবেন। এভাবে মোট ১৫টি টিমে ৭৫ জন সহকারী ও উপসহকারী কর্মকর্তা অনুসন্ধান কার্যক্রমে যুক্ত থাকবেন।

যেসব উপপরিচালকের নেতৃত্বে টিমগুলো গঠন করা হয়েছে তারা হলেন- মো: হাফিজুল ইসলাম, মো: রাশেদুল ইসলাম, মো: আতিকুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, মো: মশিউর রহমান, মো: আল আমিন, মো: রাউফুল ইসলাম, মো: তাহসিন মুনাবিল হক, মো: নিয়ামুল আহসান গাজী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মো: জাহাঙ্গীর আলম, মো: মোজাম্মিল হোসাইন, এ কে এম মাহবুবুর রহমান, তানজির হাসিব সরকার এবং মো: সিফাত উদ্দিন।

দুদকের নির্দেশনায় বলা হয়েছে, টিমের সদস্যরা যে উইংয়ের অধীনে কাজ করবেন, সেখানেই সংযুক্ত থাকবেন। সংশ্লিষ্ট টিম লিডারই হবেন সদস্যদের কন্ট্রোলিং অফিসার এবং তিনি তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) প্রদান করবেন। প্রতিটি টিমের জন্য টাইপিং দক্ষতা সম্পন্ন একজন কনস্টেবল বা সহায়ক কর্মী থাকবে।

সব চলমান অনুসন্ধান ও তদন্ত ফাইল টিমগুলোর কাছে হস্তান্তর করা হবে। তবে যেসব অনুসন্ধান তুলনামূলকভাবে কম অগ্রাধিকারভুক্ত, সেগুলো দুদকের অন্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে যারা এসব টিমের অংশ নন।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ১৫টি বিশেষ টিমের সদস্যরা চলমান কোনো যৌথ টিম ছাড়া অন্য কোনো টিমে যুক্ত হতে পারবেন না। কেউ যদি ইতোমধ্যে কোনো যৌথ টিমের সদস্য হয়ে থাকেন, তবে গুরুত্বপূর্ণ বা উচ্চ-প্রোফাইল অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তিনি সেই টিমেই থাকবেন।

চলমান তদন্তে মহাপরিচালক অথবা পরিচালক তদারককারী হিসেবে দায়িত্ব পালন করবেন। টিমের সদস্যদের আলাদাভাবে কোনো তদন্ত দেয়া হবে না। বরং টিম হিসেবে তারা কমিশনের হাতে থাকা মামলাগুলোর অগ্রগতি ও সর্বশেষ অবস্থা নিয়মিত কমিশনকে জানাবে। প্রতি সপ্তাহে কমিশন সভার পর টিমগুলো তাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করবে। দুদক কর্মকর্তারা মনে করছেন, এই বিশেষ টিম গঠনের মাধ্যমে বড় ও গুরুত্বপূর্ণ দুর্নীতি অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সার্বিক কার্যক্রমে গতি আসবে।