কূটনৈতিক প্রতিবেদক
জ্বালানি সরবরাহসহ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে গতকাল কাতার গেছে।
সফরে বাংলাদেশের প্রতিনিধিদল কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রাহমান বিন জসিম আল থানির সাথে বৈঠক করবেন। দেশের বিদ্যমান জ্বালানি সঙ্কট মোকাবেলায় কাতারের সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ। একই সাথে বাংলাদেশে বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগের জন্য কাতারকে অনুরোধ জানানো হতে পারে।
কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী দেশ। বাংলাদেশও দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের জন্য কাতারের সাথে চুক্তিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র-ইরান সঙ্ঘাতকে কেন্দ্র করে হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত থাকায় কাতারের সরবরাহ ব্যবস্থা সীমিত রয়েছে। বর্তমানে বাংলাদেশকে প্রায় দ্বিগুণ দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে।



