কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৪

Printed Edition

আলজাজিরা

রাশিয়ার দখলকৃত পূর্ব ইউক্রেনে হামলার পাল্টা জবাব দেয়ার হুমকির পর, রাজধানী কিয়েভ ও এর চারপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় চারজন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রাশিয়া গতকাল রোববার নিশ্চিত করেছে যে, তারা রাতভর চালানো এই হামলায় ইউক্রেনে একটি ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চার বছর ধরে চলা এই যুদ্ধে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন এই অস্ত্রটি এই নিয়ে তৃতীয়বারের মতো ব্যবহার করা হলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইস্কান্দার আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিনঝাল হাইপারসনিক আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে এই ব্যাপক হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়া হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে বলে সতর্কতা জারির পরপরই, আজ রোববার রাত ১টার কিছু পরে বিস্ফোরণ শুরু হয়। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এই হামলায় ৬০০টি ড্রোন এবং আকাশ, সমুদ্র ও স্থল থেকে নিক্ষেপ করা ৯০টি ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। বিমান বাহিনী আরো জানায়, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৪৯টি ড্রোন ও ৫৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস ও জ্যাম করে দিতে সক্ষম হয় এবং অন্য ১৯টি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রাজধানীতে দু’জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন। আশপাশের কিয়েভ অঞ্চলের প্রধান জানিয়েছেন, সেখানেও দু’জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।