বিভিন্ন আয়োজনে চবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Printed Edition
বিভিন্ন আয়োজনে চবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বিভিন্ন আয়োজনে চবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এমন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই যেখানে সকলে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কাজ করবে এবং শিক্ষালাভ করতে পারবে। যে বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে নয় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এবং গৌরবময় অধ্যায়ে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, আমাদের সব শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে অচিরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গৌরবময় অধ্যায় ফিরে পাবে এবং নতুন যাত্রা শুরু করতে পারবে।

তিনি বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ বক্তব্য দেন।

এর আগে সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চবির বিভিন্ন পর্ষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০:৩০টায় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের নেতৃত্বে চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে চবি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সকাল ১০:৪৫টায় ভিসি দফতরের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। বিজ্ঞপ্তি।