আনাদোলু এজেন্সি
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৪১ জন উগ্রবাদী নিহত হয়েছে। শুক্রবার সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পাঞ্জগুর জেলায় প্রথম অভিযানে ৩০ জন উগ্রবাদী নিহত হয়। এরপর হারনাই জেলায় দ্বিতীয় অভিযানে আরো ১১ জন নিহত হয়। বৃহস্পতিবার পরিচালিত এ দু’টি অভিযানে কোনো সেনাসদস্য হতাহত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, নিহত উগ্রবাদীরা প্রতিবেশী ভারত দ্বারা সমর্থিত ছিল। তারা বলেছে, নিহতরা নিরাপত্তাবাহিনীর ওপর একাধিক হামলা এবং ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল। বিবৃতিতে আরো বলা হয়েছে, অবশিষ্ট উগ্রবাদীদের নির্মূল করার জন্য উভয় জেলায় অভিযান অব্যাহত রয়েছে।



