রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাতীয় ট্যুরিজম কনফারেন্স ২০২৬’। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
টেকসই পর্যটন উন্নয়ন এবং এই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো গবেষণার মাধ্যমে তুলে ধরতে রাবিপ্রবি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
রাবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর।
স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি ভিসি বলেন, ‘এই কনফারেন্স পর্যটন খাতের পেশাজীবী ও গবেষকদের মধ্যে মেলবন্ধনের নতুন পথ তৈরি করবে। পাহাড় ও কাপ্তাই লেক বেষ্টিত রাঙ্গামাটি পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। যথাযথ গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে এ অঞ্চলের পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব।’ রাঙ্গামাটিতে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি এই জনপদের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাবিপ্রবি ভিসি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের গবেষক ও নীতিনির্ধারকদের এই উপস্থিতি রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরো দৃশ্যমান করবে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশগুলো দেশের পর্যটন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর ইকো-ট্যুরিজম ও কমিউনিটি ট্যুরিজমের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের প্লেনারি সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা গবেষণাপত্র উপস্থাপন করেন। আয়োজকরা জানান, দুই দিনের এই সম্মেলনে দেশের ৭০টিরও বেশি গবেষক দল তাদের গবেষণাপত্র উপস্থাপন করছেন। এতে ইকো-ট্যুরিজম, স্মার্ট ট্যুরিজম, পর্যটনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটার ব্যবহার এবং নৃ-তাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের মতো আধুনিক বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো: নাফিজ মন্ডল ও ফাহিম হোসেন। সম্মেলনের দ্বিতীয় দিন আজ শনিবার সকাল থেকে টেকনিক্যাল সেশন ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের পর্যটন খাতের এই নতুন মাইলফলকটির পর্দা নামবে।



