নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, জুলাই ২৪ এর গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর এ দেশের মানুষ দেশে ইসলামী শাসনের স্বপ্ন দেখছে। আগামী নির্বাচনে জনগণ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ইসলামপন্থীরাই বিজয়ী হবে ইনশা আল্লাহ। দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব নয়।
গতকাল মারকাজুল খেলাফত কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়া ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সম্মেলনে আরো বক্তৃতা করেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, হেফাজতে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নিজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা শেখ আজিম উদ্দিন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, মুফতি সৈয়দ মুহাম্মদ আহসানুল্লাহ আব্বাসি জৈনপুরী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান প্রমুখ।



