সেমিতে বায়ার্নের মুখোমুখি পিএসজি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি অপেক্ষা করছে সমর্থকদের জন্য। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসে আজ রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এই দুই পরাশক্তির দ্বৈরথকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, কারণ যে দল ফাইনালে উঠবে, তাদেরই শিরোপার প্রধান দাবিদার ধরা হচ্ছে।

জয়ী দল আগামী মাসে বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফাইনালে আর্সেনাল অথবা অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে কোনো এক দলের মোকাবেলা করবে। ফলে এই সেমিফাইনাল শুধু ফাইনালের টিকিট নয়, ইউরোপ সেরা হওয়ার পথও নির্ধারণ করবে।

বর্তমানে ইউরোপের অন্যতম ফর্মে থাকা দল বায়ার্ন মিউনিখ ইতোমধ্যেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে এবং জার্মান কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে। কোচ ভিনসেন্ট কোম্পানির দল কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলে ৬-৪ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর। তাদের লক্ষ্য এবার ট্রেবল জয়ের ইতিহাস গড়া।

অন্য দিকে লুইস এনরিকের অধীনে পিএসজিও দারুণ ছন্দে আছে। লিগ ওয়ানে শীর্ষে থাকা প্যারিসিয়ানরা কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে দুই লেগ মিলে ৪-০ ব্যবধানে হারিয়ে সহজেই বিদায় করেছে। তবে বায়ার্নের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড তাদের জন্য চিন্তার বাড়াচ্ছে। কারণ চ্যাম্পিয়নস লিগে শেষ চার সাক্ষাতে সবগুলোতেই হেরেছে তারা।

তবে গোলের দিক থেকে দুই দলই সমান শক্তিশালী। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে উভয় দলই ৩৮টি করে গোল করেছে, যা প্রতিযোগিতায় সর্বোচ্চ। ফলে প্যারিসের এই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল দেখার সম্ভাবনাই বেশি।

বায়ার্নের আক্রমণের মূল ভরসা হ্যারি কেন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪৫ ম্যাচে ৫৩ গোল করেছেন ইংলিশ এই স্ট্রাইকার। যদিও সাম্প্রতিক সময়ে তাকে কিছুটা বিশ্রামে রাখা হয়েছে বড় ম্যাচের জন্য, তবুও তার উপস্থিতি ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।

তবে পিএসজিও কিছুটা চাপে আছে। গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ভিতিনিয়া ইনজুরির কারণে অনিশ্চিত, তবে নুনো মেন্দেস ও ডিজিরে দুয়ে খেলার মতো অবস্থায় ফিরেছেন। অন্য দিকে বায়ার্নে সের্গে গনাব্রি ও রাফায়েল গেরেইরোর মতো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে ছিটকে গেছেন।

ইতিহাস বলছে, দুই দল ১৬ বার মুখোমুখি হয়ে কখনো ড্র করেনি। বায়ার্ন জিতেছে ৯টি ম্যাচ, আর পিএসজি সাতটি। সর্বশেষ দেখায় বায়ার্ন ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।