ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় বন কর্মকর্তা মশফিকুর রহমান মানিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার দেড় মাস পেরিয়ে গেলেও প্রধান আসামিসহ অধিকাংশ আসামি এখনো গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা যায়, প্রায় দেড় মাস আগে দায়িত্ব পালনকালে ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি ক্যাম্পের ইনচার্জ মশফিকুর রহমান মানিক ও অপর এক বন কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায় শাকিল ঢালীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত। হামলায় মানিককে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ভুক্তভোগী মানিক বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেও এখনো প্রধান আসামি গ্রেফতার হয়নি, যা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশিদ জানান, এ পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



