বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

শামছুল ইসলাম
Printed Edition
  • ৩টায় কেবিনেটের বিশেষ বৈঠক
  • ৪টায় মতবিনিময় করবেন সচিবদের সাথে

আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি। মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, আজ সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। বৈঠকের কোনো এজেন্ডা নেই বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সাথে মতবিনিময় করবেন তিনি।

সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ ঘিরে অন্তর্বর্তী সরকারের দিক থেকে কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে, সেসব বিষয়ে বিএনপিকে জানাতে গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় নাসিমুল গনি গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন।

নাসিমুল গনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া সংসদ সদস্যদের শপথ সংসদের শপথকক্ষে আর মন্ত্রীদের শপথ বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুষ্ঠানের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু নতুন পরামর্শ এসেছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। পরদিন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দু’টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্য দিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আর বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।