রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস অ্যাকাডেমির প্রধান শিক্ষক মো: জিল্লুর রহমান তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও নেননি বলে অভিযোগ রয়েছে। তার দীর্ঘ অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক-অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ আগস্ট থেকে তিন দিনের ছুটি নেন জিল্লুর রহমান। পরদিন তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ে ফেরেননি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম চলছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধান রয়েছে। তবে জিল্লুর রহমান এমন অনুমতি নেননি বলে জানা গেছে। এ ঘটনায় ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন ইউএনও অঞ্জন দাশ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে চিঠি দেন।
এর আগে ২০২১ সালের ১৯ ডিসেম্বরও তিনি যুক্তরাষ্ট্রে যান। প্রায় পাঁচ মাস পর দেশে ফেরেন। তখন দুই মাসের ছুটি নিলেও বিদেশ যাওয়ার অনুমতি নেননি বলে বিদ্যালয় সূত্রের দাবি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, জিল্লুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তিনি কবে ফিরবেন, সেটিও জানাননি।
ইউএনও মেহেদী হাসান কাউসার বলেন, বিদেশ যেতে প্রধান শিক্ষকের অনুমতি নেয়া প্রয়োজন ছিল। তিনি অনুমতি নেননি। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে।



