ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফিফা বিশ্বকাপ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ২৪ জুন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচলেও বিশেষ বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথ দিয়ে যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এর মধ্যে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট এলাকা, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কিছু জরুরি ও প্রয়োজনীয় সেবার সাথে সংশ্লিষ্ট যানবাহন এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগী বহনকারী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন পণ্য পরিবহনকারী বাহন এবং সরকারি কাজে নিয়োজিত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
অন্যদিকে, গণপরিবহন ও ভারী যানবাহনের ক্ষেত্রে পূর্বের মতোই নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



