দায়িত্ব পালনে তাকওয়া ও সততার আহ্বান জামায়াত নেতা শাহাবুদ্দিনের

Printed Edition

বগুড়া অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সংগঠনের প্রতিটি দায়িত্বকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। একজন ইসলামী আন্দোলনের নেতার প্রধান পরিচয় হবে তাকওয়া, সততা, আমানতদারিতা ও আত্মত্যাগ। চরিত্রবান নেতৃত্বই মানুষের আস্থা অর্জন করতে পারে।

গত শনিবার বিকেলে বগুড়া শহরের কলোনী এলাকায় শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, আদর্শ সমাজ গঠনে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর মানসিকতাও থাকতে হবে। ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক জীবনে ইসলামী আদর্শের অনুসরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য ড. সৈয়দ আব্দুল আজিজ এবং বগুড়া মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

এ ছাড়া সম্মেলনে অধ্যাপক মুন্সী আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার, মিজানুর রহমান, নুর মোহাম্মাদ আবু তাহের এবং ছাত্রশিবিরের বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।