দিনুশার ব্যাটে ফলোঅন এড়ানোর লড়াই লঙ্কার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে হেরে যাওয়া প্রথম টেস্টে দুই ইনিংসে একাই লড়াই করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার সোনাল দিনুশা। গল টেস্টের মতো কলম্বোতে ফলোঅন এড়াতে একাই লড়ে যাচ্ছেন এই ব্যাটিং অলরাউন্ডার। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৫ রান। যেখানে ৮৫ রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন দিনুশা। অপর প্রান্তে ৮ রান নিয়ে আছেন লাহেরু কুমারা। সফরকারীদের চেয়ে প্রথম ইনিংসে এখনো ২৩৮ রানে পিছিয়ে লঙ্কা।

কলম্বোতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাডিক্কাল ও জুরেলের সেঞ্চুরির সুবাদে ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন ২ উইকেটে ৮ রান তুলে শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনের সপ্তম ওভারে গতকাল প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১৯ রান করে প্রসিদ কৃষ্ণার বলে জুরেলের তালুবন্দী হয়ে ফেরেন কামিল মিশারা। এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৮৭ রানের জুটি পাসিন্দু সুরিয়াবন্দরার। ৩২ রানে কামিন্দু ফেরার পর ৮ রানের বেশি করতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভা। ৮০ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়েছেন পাসিন্দু। তখন শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ১৭১। স্কোরবোর্ডে ২ রান যোগ করতেই আউট হন নিরোশান ডিকওয়েলাও।

তখন মনে হচ্ছিল, শ্রীলঙ্কার ফলো অনে পড়া সময়ের ব্যাপার। তবে তৃতীয় দিনে তা হতে দেননি দিনুশা। অষ্টম উইকেটে কেশারা নুয়ান্তার সাথে ৫৭ রানের জুটির পর নবম উইকেটে লাহিরু কুমারাকে নিয়ে গড়েছেন ৩৫ রানের জুটি। দিনের শেষ দিকে বৃষ্টি শুরু হলে তৃতীয় দিনের খেলা আগে ভাগেই শেষ হয়েছে। তিনটি করে উইকেট নেন প্রসিদ কৃষ্ণা ও মানব সুথার।

বাংলাদেশের বিপক্ষে গত বছরের জুনে অভিষেক হয়েছে দিনুশার। সেই টেস্টে এক ইনিংস ব্যাটিং করে আউট হন ১১ রানে। ছোট্ট টেস্ট ক্যারিয়ারে ব্যর্থতা বলতে এটুকুই। এরপর বাঁহাতি এই ব্যাটার ৭ ইনিংস খেলে একটি সেঞ্চুরির সাথে ৮০-এর বেশি রানের ইনিংস খেলেছেন আরো তিনটি।