বাসস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উদ্দেশে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, আমি আসলে তাদের সব নেতার কাছে একটাই অনুরোধ করব, আপনারা একটি বড় দল, সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন। তাই কী ধরনের রাজনীতি করবেন, সেটির কিন্তু একটি রূপরেখা আপনারা তৈরি করছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করবেন না, যেটির জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হয়।
ইতালি থেকে দেশে ফিরে গতকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভেনিসের চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকারের পর ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন বলেন, তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। সেখানে যে রাষ্ট্রদূত আছেন, সেই ভাইয়া অত্যন্ত সহযোগিতাপূর্ণ ছিলেন। ইতালির সরকারও ঘটনাটিকে গুরুত্বের সাথে নিয়েছে। ওখানকার কালচারাল মিনিস্টার ও আন্ডার সেক্রেশনের সাথে আমার দেখা হয়েছে। ওখানকার পুলিশ ডিপার্টমেন্ট আমাকে অনেক সাহায্য করেছে এবং প্রতিদিন ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে। আমি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেই ফেস্টিভ্যালের ডিরেক্টরও আমাকে খুব সাপোর্ট করেছেন।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ইতালিতে যে ঘটনাটি ঘটেছে, তা আসলে খুবই দুঃখজনক। আমি এসব কথা বলায় আমার প্রবাসী ভাইদের অনেকেই কষ্ট পেয়েছেন। কিন্তু তারা তো আমারই ভাই, তারা আমার বাংলাদেশী ভাই। সেই প্রবাসী ভাইয়েরা আমার গায়ে হাত তুলেছেন, আমাকে আক্রমণ করেছেন, আমার সাথে বর্বর আচরণ করেছেন এবং অত্যন্ত জঘন্যভাবে আক্রমণ করেছেন। এর ফলে বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিই ক্ষুণœ হয়েছে।
তিনি আরো বলেন, আমি একটি কথা বলতে চাই, যারা এই (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) দলের সমর্থক- তাদের উদ্দেশে আমার একটাই কথা, আপনারা দলকে ভালোবাসতে পারেন, দলকে সমর্থন করতে পারেন, কিন্তু অন্ধ সমর্থক হবেন না। আজ যদি আপনাদের কোনো আইনি সাজা হয়, তবে আপনার পরিবারই ভুক্তভোগী হবে।



