ভুয়া মুক্তিযোদ্ধা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

Printed Edition

গোপালগঞ্জ প্রতিনিধি

‘ভুয়া মুক্তিযোদ্ধা’ সংক্রান্ত সংবাদের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা মো: মোশাররফ হোসেন মোল্লা। গতকাল রোববার সকাল ১০টায় গোপালগঞ্জে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

জানা যায়, এর আগে তার ছেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নেয়ার অভিযোগ তোলা হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশারেফ হোসেন মোল্লা বলেন, সম্প্রতি দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে তাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরো বলেন, আমি একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযোদ্ধা নম্বর ০১৩৫০০০৫০৯৪ এবং লাল মুক্তিবার্তা নম্বর ১০৯০১০২৭৮। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত তালিকায় আমার নাম রয়েছে। অথচ অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি মুক্তিবার্তা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট, মুক্তিযোদ্ধা পরিচয়পত্র, স্বাধীনতা সংগ্রামের সনদপত্রসহ বিভিন্ন সরকারি নথিপত্র উপস্থাপন করেন। গোপালগঞ্জ সদর উপজেলার সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় দুই হাজার ১৬১ জন মুক্তিযোদ্ধার নামের তালিকায় তার নাম রয়েছে ১৭১ নম্বরে। বেবিচকের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান বলেন, অভিযোগটি আমরা খতিয়ে দেখেছি। তার পিতা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা।