তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা, মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা, মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মিরপুর-২-এর মিরপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, সৃজনশীলতা ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি দেয়া হয়।

অনুষ্ঠানে সারা বছরের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড দেয়া হয়। পাশাপাশি এবতেদায়ী বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী ১৫ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীকে উৎসাহিত করতে দেয়া হয় শুভেচ্ছা পুরস্কার।

পুরস্কার বিতরণীর পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে কবিতা আবৃত্তি, হামদ, নাত, নজরুল সঙ্গীত, দেশের গান, জুলাইয়ের গান, কেরাত ও আরবি, ইংরেজি ও বাংলা বক্তৃতা পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানকে আরো উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফির এডুকেশন লন্ডনের চেয়ারম্যান এবং এডেক্সেল ও ক্যামব্রিজের সিনিয়র এক্সামিনার ড. আবুল কালাম আযাদ। এ সময় তিনি বলেন, তানযীমুল উম্মাহ আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে এগিয়ে যাচ্ছে। তিনি সন্তানদের মাদরাসা শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা ও অন্যান্য জ্ঞানার্জনের সুযোগ করে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সন্তানকে শুধু একটি নির্দিষ্ট ধারার শিক্ষায় সীমাবদ্ধ না রেখে দ্বীনি ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষিত করতে হবে। এতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ শেখানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো: রহিমুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল ডা: মো: রুহুল আমীন; সমাজসেবক ও শিক্ষানুরাগী মনিরুল ইসলাম মৃধা।

আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর সাইয়েদুর রহমান। তানযীমুল উম্মাহ মাদরাসার বিভিন্ন শাখাপ্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আলাউদ্দিন আযাদ, আব্দুল কুদ্দুস মাখন ও মো: শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা, মিরপুর শাখার শাখাপ্রধান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর রাশেদুল ইসলাম সায়েম।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পুরস্কার পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসার শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।