সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

মাদক কিনতে ৫ সন্তান বিক্রি

কিশোরগঞ্জের কটিয়াদীর উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদকের চরম ছোবল ও দারিদ্র্যের সুযোগ নিয়ে চার পরিবারের পাঁচটি নিষ্পাপ শিশুসন্তানকে বিক্রি করে দেয়ার মতো হৃদয়বিদারক অভিযোগ উঠেছে। মাদক সেবনের নগদ টাকা জোগাড় করতে এসব দুগ্ধপোষ্য ও নাবালকদের ৬০ হাজার থেকে দুই লাখ টাকায় বেচাকেনা করা হয় বলে জানা গেছে। গত ৬ সেপ্টেম্বর জাকির হোসেন নামের এক ব্যক্তি তার স্ত্রী ফারজানা ও সহযোগীদের বিরুদ্ধে সন্তান বিক্রির লিখিত অভিযোগ কটিয়াদী মডেল থানায় দায়ের করেন। কটিয়াদী থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে এমন অনৈতিক ঘটনা ঘটায় নিরাপত্তার অভাব ও চরম ভবিষ্যৎ আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার অন্য অভিভাবকরা। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে মাদক সেবনের টাকার জন্য উত্তর চরপুক্ষিয়া গ্রামে পাঁচটি শিশু বিক্রি করে দেয়ার কথা শুনেছি। কটিয়াদী থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, দারিদ্র্যতা ও মাদকের টাকা জোগাড় করতে সন্তান বিক্রি করে দেয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।


৫ বছর পর ৭ আসামি কারাগারে

হবিগঞ্জের লাখাই উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে বোরহান মিয়া নামের এক প্রতিবন্ধীকে নৃশংসভাবে হত্যার ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর চার্জশিটভুক্ত সাত আসামি কারাগারে গেছেন। গত ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে বিচারক তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। ২০২১ সালের ১৭ মার্চ রাতে বোরহানকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে কালভার্টের নিচে ফেলে রাখা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে সিআইডির তদন্তে বেরিয়ে আসে, ইউপি নির্বাচনে রাজনৈতিক বিরোধের জেরে নিরীহ বোরহানকে বলির পাঁঠা বানিয়ে হত্যা করা হয়েছিল। বজলুর রহমান বুলু হাজীর নেতৃত্বেই এ হত্যাকাণ্ড ঘটে বলে সিআইডির তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পুলিশের সিআইডির নিরপেক্ষ তদন্ত শেষে অবশেষে অভিযুক্ত আসামিরা বিচারের মুখোমুখি হয়েছেন। হত্যাকাণ্ডের পাঁচ বছর পর বিচার পাওয়ায় আশার আলো দেখছেন মৃত বোরহান মিয়ার বাবা মজনু মিয়া ও তার পরিবার। হবিগঞ্জ প্রতিনিধি।


লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে লুডু খেলা উপভোগ করাকে কেন্দ্র করে দুই পক্ষের হঠাৎ বাগি¦তণ্ডা ও সঙ্ঘাতের ঘটনায় রফিক মিয়া (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর এলাকার কয়েকজন তরুণ মোবাইলে আড্ডার ছলে লুডু খেলছিলেন। এ সময় পাশে বসে খেলা দেখা নিয়ে রফিক ও সালমানের মধ্যে হঠাৎ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার জেরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে রফিক গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ডা: তামিমা রহমান তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।


পাগলা কুকুরের কামড়ে আহত ৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্য সিদলাই গ্রামে পাগলা কুকুরের অতর্কিত আক্রমণে তিন শিশুসহ অন্তত পাঁচজন মারাত্মক আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ির আঙিনায় খেলাধুলার সময় একটি হিংস্র পাগলা কুকুর এসে শিশুদের ওপর তাণ্ডব চালায়। আহতদের মধ্যে তিন থেকে পাঁচ বছর বয়সী তিন শিশু- আলিফা, হামিম ও তানভির রয়েছে। মুহূর্তের মধ্যে কুকুরের আক্রমণে পুরো সিদলাই গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অতিদ্রুত এলাকাটিকে কুকুরের উপদ্রব থেকে মুক্ত করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা।


ডিবির অভিযান ইয়াবাসহ গ্রেফতার ৪

মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি সফল মাদকবিরোধী অভিযানে ৩১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে রায়হান ও সোহেলকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে ডিবির একটি টিম। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের সূত্রে টঙ্গীবাড়ীর বেতকা ও কাঠাদিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মুন্না শিকদার ও রমজান সরদারকে আরো ২১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জেলা ডিবি পুলিশের কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, মাদকের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।


ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার ব্যবস্থাপনা আইন অমান্য করায় এক সারের ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাজারে সারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা ও সাধারণ কৃষকদের সুরক্ষায় গত বৃহস্পতিবার বিকেলে রুহিয়া কালীতলা এলাকায় এ প্রশাসনিক অভিযান চালানো হয়। আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরান কবির সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমানকে এ অর্থদণ্ড দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে অভিযোগ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নামিজুল। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃত্রিম সঙ্কট তৈরি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি বন্ধে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা।


খাল ভরাট করে বাগানবাড়ি

ঝালকাঠির রাজাপুরে মাটি দিয়ে সরকারি খাল ভরাট করে দখল ও বসতবাড়ি নির্মাণের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সাতুরিয়া ইউনিয়নের বিএস রেকর্ডীয় সরকারি খালে সরেজমিন তদন্ত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম রেজা সজিব সরকারি নকশা মেপে খালের সীমানা চিহ্নিত করেন। স্থানীয়দের লিখিত আবেদনের ভিত্তিতে জানা যায়, মোস্তফা খলিফা নামে এক ব্যক্তি খালের অংশ ভরাট করে পাকা দালান ও বাগান তৈরি করেন, যা পানির স্বাভাবিক প্রবাহ আটকে দিয়েছে। ইউএনও জানান, খালের স্বাভাবিক রূপ ফেরানো এবং অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকেই পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি প্রতিনিধি।


সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় এনজিওর মাধ্যমে সাধারণ গ্রাহকের ১০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার ১২৪টি মামলার পরোয়ানাভুক্ত এবং ১২টি মামলার সাজাপ্রাপ্ত জেলপলাতক আসামি মো: আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কুমারখালী থানা পুলিশ জানায়, বিশ্বাস ফাউন্ডেশনের নামে ভুয়া ডিপিএস খুলে শত কোটি টাকা আত্মসাৎ করেন আনিছুর। এর আগে ২০২৪ সালে বিদেশে পালানোর সময় গ্রেফতার হলেও একই বছর তিনি কুষ্টিয়া কারাগার থেকে পালিয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর র‌্যাবের সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে অবশেষে তাকে পুনরায় গ্রেফতাার করতে সক্ষম হয় পুলিশ। কুষ্টিয়া প্রতিনিধি।