আলজাজিরা
লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলাকে ইসরাইল নিজ ভূখণ্ডের ওপর সরাসরি আক্রমণ হিসেবে উপস্থাপন করছে। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত এ কথা বলেছেন।
আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বারাকাত বলেন, লেবাননের অভ্যন্তরে ইসরাইলি সামরিক উপস্থিতি দেশটির সেনাদের হিজবুল্লাহর হামলার ঝুঁকির মধ্যে ফেলেছে এবং ইসরাইলের আত্মরক্ষার দাবিকে ঘিরে এক ধরনের ‘বিভ্রান্তি’ তৈরি করেছে। তিনি বলেন, ‘ইসরাইল যা করছে তা হলো- হিজবুল্লাহর হামলাগুলোকে এমনভাবে দেখাচ্ছে যেন এগুলো ইসরাইলের ওপর হামলা। কিন্তু দু’টির মধ্যে পার্থক্য রয়েছে।’ বারাকাত জানান, শুরুতে ইসরাইলের অভিযোগ ছিল- হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে ইসরাইলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। তিনি বলেন, ‘এখন তারা মূলত সেই ইসরাইলি সেনাদের ওপর হামলা করছে, যারা তাদের (লেবাননের) ভূমি দখল করে অবস্থান করছে। এই বিষয়টি অনেক বিভ্রান্তি তৈরি করেছে এবং ইসরাইলকে লেবাননের ভেতরে বোমা হামলা চালিয়ে যাওয়ার একটি অজুহাত দিয়েছে।’
লেবানন পরিস্থিতি স্থিতিশীল করতে আলোচনায় থাকা ‘ডিকনফ্লিকশন’ বা সঙ্ঘাত এড়ানোর সমন্বয় ব্যবস্থাসহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক।



