রাজবাড়ীতে কাভার্ডভ্যান পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

মাদারীপুর ও ফরিদপুরে আরো ২ জনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

রাজবাড়ীর কালুখালীতে কাভার্ডভ্যান, পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। এ ছাড়া মাদারীপুরের টেকেরহাট ও ফরিদপুরের করিমপুরে পৃথক দুর্ঘটনায় মারা গেছেন আরো দু’জন।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর কালুখালীতে কাভার্ডভ্যান, পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

গতকাল ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।

নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন জানান, সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী এক স্বজনকে আনতে প্রাইভেট কার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন আব্দুল্লাহ। পথে কালুখালীর গান্ধীমারা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান, পিকআপ ও প্রাইভেট কারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরে ট্রাকচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে এক চালক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আবুল হোসেন মন্ডল নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়ামারী সীমান্ত এলাকা থেকে ট্রাকে বাঁশ বোঝাই করে বরগুনা যাচ্ছিলেন আবুল হোসেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের টেকেরহাট এলে পেছনের চাকা ফেটে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল হোসেন।