‘পাবলিক হেয়ারিং ডে’ পালন

নগরবাসীর সমস্যা সরাসরি শুনলেন ডিএসসিসি প্রশাসক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

নাগরিক সম্পৃক্ততা ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ঢাকা দক্ষিণের সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএসসিসিতে পালিত হয়েছে ‘পাবলিক হেয়ারিং ডে’।

গতকাল নগর ভবন মিলনায়তনে এ পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী সিটি করপোরেশন সংক্রান্ত নানা সমস্যা সরাসরি ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালামের কাছে তুলে ধরেন। তবে অনুষ্ঠান দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও মেয়র পৌনে ২টায় অনুষ্ঠানস্থলে আসেন। এতে অনেক নাগরিক ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠান শুরু হলে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ নাগরিকরা তাদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, অবৈধ ফুটপাথ দখল, সড়ক ও ফুটপাথ সংস্কার, জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা সংক্রান্ত অভিযোগ ছিল উল্লেখযোগ্য।

নাগরিকদের সমস্যা জানার পর প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ব্যাখ্যা তলব করেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ফলে উপস্থিত নাগরিকরা তাদের অভিযোগের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভায় প্রশাসক বলেন, নগরবাসীর সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে জনগণের সাথে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই ডিএসসিসি প্রতি শনিবার ‘পাবলিক হেয়ারিং ডে’ চালু করেছে, যাতে নাগরিকরা সরাসরি এসে তাদের কথা বলতে পারেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারে।

নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিক ও সিটি করপোরেশনের যৌথ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নাগরিকরা যদি ৫০ শতাংশ সহযোগিতা করেন, বাকি ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশন পালন করবে।

তিনি মাদকের বিরুদ্ধে এলাকাবাসী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া সড়ক ও ফুটপাথ দখল না করার আহ্বান জানান প্রশাসক। প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নের মাধ্যমে ফুলের মতো ঢাকা শহর উপহারের প্রত্যাশা নিয়ে প্রশাসক উপস্থিত নাগরিকদের ফুল দিয়ে ‘পাবলিক হেয়ারিং ডে’-এর শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ডিএসসিসির সব বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।