ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের সেঞ্চুরির পর ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে আট উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে কিউইরা। জবাবে ব্রেন্ডন কিংয়ের হাফ সেঞ্চুরিতে কোনো উইকেট না হারিয়ে ১১০ রান করে শক্ত প্রতিরোধের ইঙ্গিত দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে এখনো ৪৬৫ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। ব্রেন্ডন কিং ৫৫ ও জন ক্যাম্পবেল ৪৫ রানে অপরাজিত রয়েছেন।
এ দিকে প্রথম দিনের ৩৩৪ রানের পুঁজি নিয়ে দ্বিতীয় দিন শুরু করে কিউই ব্যাটার ডেভন কনওয়ে ও নাইট ওয়াচম্যান জ্যাকব ডাফি। কনওয়ে ড্রিংস বিরতির আগেই ৩১১ বল মোকাবেলা করে দ্বিশতক তুলে নেন।
৪২৪ রানে তিন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বগতিকরা। ব্যক্তিগত ২২৭ রান করে যখন প্যাভিলিয়নের পথ ধরেন কনওয়ে তখন কিউইদের স্কোর চার উইকেট হারিয়ে ৪৩২ রান। এরপর ডার্টি মিচেল ও টম ব্লান্ডেল দ্রুত ফিরে গেলে ৫০০ রানের আগেই অল আউট হওয়ার সম্ভাবনা দেখা দেয় তবে রাচিন রবীন্দ্র রানের চাকা এগিয়ে নিয়ে যেতে থাকেন।
তকে যোগ্য সঙ্গ দেন গ্লেন ফিলিপ ও এজাজ প্যাটেল। গ্লেন ফিলিপ ব্যক্তগত ২৯ রানে আউট হলে ক্রিজে আসেন এজাজ প্যাটেল। রাচিন ও প্যাটেল জুটি ৫৭৫ রান পর্যন্ত নিয়ে গেলে ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক টম লাথাম।
রাচিন ৭২ ও প্যাটেল ৩০ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জয়ডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও জাস্টিন গ্রেভস দু’টি করে উইকেট নেন।



