৪৪ বছরেও সরকারীকরণ হয়নি আবদুল জলিল চৌধুরী কলেজ

Printed Edition

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রতিষ্ঠার ৪৪ বছর পার হলেও চট্টগ্রাম অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কলেজ’ এখনো সরকারীকরণের মুখ দেখেনি। দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এই প্রাচীনতম কলেজটি জাতীয়করণের দাবিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি এবার একাত্মতা প্রকাশ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটির পরিধি বর্তমানে ৩ দশমিক ৬ একরে বিস্তৃত। উচ্চমাধ্যমিকের পাশাপাশি ডিগ্রি ও মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এখানে অধ্যয়ন করছেন প্রায় তিন হাজার শিক্ষার্থী। বর্তমানে ৩৫ জন শিক্ষক ও ১৬ জন কর্মচারী কর্মরত রয়েছেন। সুসজ্জিত ডিজিটাল শ্রেণিকক্ষ, আইসিটি ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরিসহ সহশিক্ষামূলক নানা কার্যক্রম চালু থাকলেও উপজেলার একমাত্র কলেজ হিসেবে এটি এখনো বেসরকারিই রয়ে গেছে।

সংশ্লিষ্টদের মতে, কর্ণফুলীতে কোনো সরকারি কলেজ না থাকায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য উচ্চশিক্ষার ব্যয় বহন করা সাধ্যের অতীত হয়ে দাঁড়িয়েছে। এটি সরকারি হলে পড়াশোনার খরচ কমবে এবং অনার্স কোর্স চালুর পথ সুগম হবে। ২০১৬ সালে উপজেলা গঠনের পর থেকে বেশ কয়েকবার ডিও লেটার দেয়া হলেও তা আলোর মুখ দেখেনি। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা যৌথভাবে দাবি জানিয়েছেন, এলাকার শিক্ষার মানোন্নয়নে কলেজটি দ্রুত জাতীয়করণ করা জরুরি।

স্থানীয় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানান, কলেজের সাথে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন এবং দ্রুত সরকারীকরণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন। ৪৪ বছরের পুরনো এই প্রত্যাশা পূরণের অপেক্ষায় এখন পুরো এলাকাবাসী।