রূপগঞ্জে ২০০ পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে

Printed Edition

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ব্রাহ্মণখালী, ফুলবাড়িয়া, কুলিয়াদী, শিমুলিয়া ও রঘুরামপুর এলাকার ২০০ পরিবার আবার উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ডের আবাসিক এলাকা গড়ে তুলতে ৩৮.৭৬ একর জমি অধিগ্রহণের উদ্যোগকে কেন্দ্র করে অধিবাসীদের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।

পূর্বাচল উপশহর থেকে উচ্ছেদ হওয়া আদি বাসিন্দারা আবার ভিটেমাটি হারানোর আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, গণশুনানি বা জনমত যাচাই ছাড়াই গোপনে জরিপ চালানো হয়েছে। বসতবাড়ি রক্ষা করতে অনাবাসিক, পতিত কিংবা খাস জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।সরেজমিন জানা গেছে, ১৯৯২-৯৩ সালে রাজউকের পূর্বাচল প্রকল্পের জন্য রূপগঞ্জ ও কালীগঞ্জের ১৭ মৌজার ৬,১৫১ একর জমি অধিগ্রহণ করা হয়। তখন ভিটেমাটি ও কবরস্থান হারিয়ে আদি বাসিন্দারা এই গ্রামগুলোতে নতুন করে জমি কিনে বাড়িঘর তৈরি করেন।

এখন আবারো সেই বসতি এলাকায় ভূমি হুকুমদখলের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রঘুরামপুর মৌজার ১৯.২১ একর, ব্রাহ্মণখালী মৌজার ১৫.৮৫ একর এবং কুলিয়াদী মৌজার ৩.৭০ একর জমি প্রস্তাবিত প্রকল্পে অন্তর্ভুক্ত। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের প্রশ্ন- একবার ঘরবাড়ি হারানোর পর আবারো কেন আমাদের উচ্ছেদ করা হচ্ছে? কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন, তাদের বাস্তুচ্যুত না করে পাশের অনাবাসিক ও খাস জমিতে যেন সরকারের এই উন্নয়ন প্রকল্প স্থানান্তর করা হয়।