দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া নীলার মোড়ে দোকানে ঢুকে এক মুদি দোকানি ও বিকাশ এজেন্টকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। একই সাথে এক লাখ টাকা চাঁদা না দিলে স্ট্যাম্পে স্বাক্ষর বা মোটরসাইকেল কেড়ে নেয়ার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় গত শুক্রবার চুয়াডাঙ্গা সদর থানায় ভুক্তভোগী ব্যবসায়ী কাওছার আলী (৩২) লিখিত অভিযোগ করেছেন। এতে তপু, তিতাস, সজল, মুন্না, ইকবাল, সজীব ও আশাসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ছয়-সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে তপু ও তিতাস কাওছারের দোকানে ঢুকে তাকে মারধর করেন। পরে জোর করে মোটরসাইকেলে তুলে কেদারগঞ্জ আদর্শ স্কুলের মাঠে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করে তার কাছ থেকে ১৪ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। পরবর্তীতে গত সোমবারের মধ্যে এক লাখ টাকা না দিলে সমপরিমাণ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর অথবা মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার হুমকি দিয়ে রাত ৩টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতা বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের অনেকেই ছাত্রদলের সক্রিয় কর্মী হলেও সবার পদ-পদবি আছে কি না- তা যাচাই ছাড়া বলা সম্ভব নয়। তবে ভিডিওতে একজনকে দেখা গেলেও অভিযোগে অনেকের নাম দেয়া হয়েছে, যা ভিডিওতে ছিল না।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ দিকে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগ উঠায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



