গাজায় ধ্বংস সহস্রাধিক মসজিদ নিহত ২১ হাজার শিশু

Printed Edition
ফিলিস্তিনের বৈথলেহেম শহরের দক্ষিণে জান্নাতাহ গ্রামের একটি ইসরাইলি আউটপোস্টে বামপন্থী এক সক্রিয়কর্মীর ওপর হামলা চালাচ্ছে এক ইসরাইলি বসতি স্থাপনকারী : নয়া দিগন্ত
ফিলিস্তিনের বৈথলেহেম শহরের দক্ষিণে জান্নাতাহ গ্রামের একটি ইসরাইলি আউটপোস্টে বামপন্থী এক সক্রিয়কর্মীর ওপর হামলা চালাচ্ছে এক ইসরাইলি বসতি স্থাপনকারী : নয়া দিগন্ত

আনাদোলু ও আলজাজিরা

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত ২১ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একই সাথে অবরুদ্ধ এই উপত্যকার এক হাজার ২৭৫টি মসজিদের মধ্যে এক হাজার ২৪৪টিতেই হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানায়।

দফতরটি জানায়, গাজায় ইসরাইলি গণহত্যার সময় সেনাবাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক, বসতবাড়ি এবং ধর্মীয় উপাসনালয়গুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে এক হাজার ৭৭টি মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বেসামরিক নাগরিক, শিশু ও উপাসনালয়ে অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় দফতরটি। গাজায় নতুন করে হামলার মাত্রা বাড়ানোর ইসরাইলি হুমকির মধ্যেই এই পরিসংখ্যান সামনে এলো।

২ শিশুসহ নিহত আরো ৭

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুসহ অন্তত দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার গাজার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরাইলি হামলায় চার বছর বয়সী হাসান আল-হাফি নিহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরাইলি বাহিনীর গুলিতে আমাল নাশআত আবু খাতের নামের আরেক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তার মৃত্যু হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলার আগে গাজার অন্তত চারটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী। পরে এসব এলাকায় একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, একটি মসজিদ এবং মানবিক সহায়তার সামগ্রী রাখা একটি গুদামে হামলা চালানো হয়। দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান, যুদ্ধবিরতি চুক্তির আওতায় এসব স্থানকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হলেও নিরাপত্তার অজুহাতে ইসরাইলি বাহিনী হামলা বাড়িয়ে চলেছে।

পশ্চিমতীরে বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে ৬৩%

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা চলতি বছরের প্রথম সাত মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৬৩ শতাংশ বেড়েছে। সোমবার ফিলিস্তিনের ওয়াল ও সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন এ তথ্য জানিয়েছে। কমিশনের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পশ্চিমতীরে চার হাজার ১১৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল দুই হাজার ৫২৪টি। অর্থাৎ এক বছরে হামলা বেড়েছে এক হাজার ৫৮৯টি। অবৈধ বসতি ও বিশেষ করে পশুপালনকেন্দ্রিক বসতি সম্প্রসারণ, বসতি স্থাপনকারীদের অস্ত্র সরবরাহ এবং তাদের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন কাঠামোয় অন্তর্ভুক্তিকে হামলা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে কমিশন। ইসরাইলি সেনাদের সুরক্ষা এবং জবাবদিহির ঘাটতিও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে জানানো হয়েছে।