তিন জেলায় সড়কে প্রাণ গেল ৪ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কক্সবাজার, গাজীপুর ও মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুরে মাটির দেয়াল চাপায় একজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে দুই মোটরসাইকেল আরোহী নিহত

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফ অংশে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার ছগির আহমদের ছেলে রুবেল এবং হোয়াইক্যং এলাকার বাসিন্দা আরমান। প্রত্যক্ষদর্শীরা তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধি জানান, বুধবার সকালে রুবেল ও আরমান একটি মোটরসাইকেলে করে টেকনাফ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় আর মোটরসাইকেলের পেছনে থাকা আরমানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

গাজীপুরে দুইজনের মৃত্যু

বাসস

জেলার কালীগঞ্জে পৃথক দুই দুর্ঘটনায় দুইজন মৃত্যু হয়েছেন। তাদের মধ্যে একজন শ্রমিক ও অপরজন বিক্রয় প্রতিনিধি। মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের নাভানা কারখানা এলাকায় একটি পিকআপ ভ্যান ঘোড়াশালগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মো: জাহিদ হোসেন (৫২)। তিনি পিরোজপুরের নেছারাবাদ থানার সুটিয়াকাঠি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গ্রেট সেলস এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

অপর দিকে কালীগঞ্জের জামালপুর এলাকায় ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরের মাটির দেয়ালধসে মতিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার জনতা জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মৌলভীবাজারে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগর ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই খালে পড়ে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ছড়ায় পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চালক রুমান মিয়া (৫৪) নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।