দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার দুপচাঁচিয়ায় ‘রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.’ নামের একটি এনজিও প্রায় ৩০০ গ্রাহকের ১৪ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়েছে। জমাকৃত টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগী গ্রাহক ও উন্নয়নকর্মীরা ২৩ জুন মঙ্গলবার বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রেইনবো দুপচাঁচিয়া শাখার উন্নয়নকর্মী মিনা আক্তার, গ্রাহক হযরত আলী, রেহেনা বেগম, আশরাফ আলী প্রমুখ। তারা জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই শাখার প্রথম ইনচার্জ ছিলেন উপজেলা জামায়াতে সভাপতি হাফেজ আব্দুর নূর খন্দকার এবং পরে তার স্ত্রী সেলিনা আক্তার। তারা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে লাখ লাখ টাকার ডিপিএস ও এফডিআর খোলেন। ২০২৩ সাল পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক থাকলেও ২০২৪ সাল থেকে জটিলতা শুরু হয়। গ্রাহকরা লভ্যাংশ ও আসল টাকা ফেরতের চাপ দিলে ২০২৫ সালের জুন মাসে বগুড়ার কলোনী অফিসে তাদের ডাকা হয়। সেখানে দিনভর বসিয়ে রেখে কর্মকর্তারা সটকে পড়েন। এরপর জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে তারা রাজপথে নেমেছেন। কর্মসূচি শেষে দ্রুত টাকা ফেরতের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয়া হয়।
অভিযোগের বিষয়ে সংস্থার চেয়ারম্যান আমিরুজ্জামান পিন্টু ও ব্যবস্থাপনা পরিচালক হামিদুল ইসলাম তোতার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে শাখার প্রতিষ্ঠাকালীন ইনচার্জ হাফেজ আব্দুর নূর খন্দকার বলেন, আমি ও আমার স্ত্রী ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। পরে আরো চারজন ইনচার্জ ছিলেন। অথচ গ্রাহকরা শুধু আমাদেরই দোষারোপ করছেন, যা দুঃখজনক। এরপরও মানুষের গচ্ছিত টাকা ফেরত পাওয়ানোর জন্য আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ভুক্তভোগীরা টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।



