কুষ্টিয়ায় রহস্যময় কার্টন খুলতে গিয়ে বিস্ফোরণে ভ্যানচালক আহত

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অজ্ঞাত এক যাত্রীর দেয়া রহস্যময় কার্টন খুলতে গিয়ে বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার সময় কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লাহিনী বটতলা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি ভ্যানচালক নাসিরের পরিচয় নিশ্চিত হয়ে তাকে একটি কাগজের কার্টন গন্তব্যে পৌঁছে দেয়ার অনুরোধ করেন। কার্টনটি লাহিনী কারিগর পাড়ার হামিদুল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য তাকে ৩০ টাকা ভাড়াও দেন ওই ব্যক্তি। নাসির কার্টনটি নিয়ে হামিদুলের বাড়িতে গেলে তিনি সেটি গ্রহণে অস্বীকৃতি জানান। তখন নিরুপায় হয়ে নাসির কার্টনটি পুনরায় লাহিনী বটতলায় ফিরে আসেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে টেপ দিয়ে মোড়ানো কার্টনটি নিজেই কাচি দিয়ে কেটে খুলতে থাকেন। টেপ খোলার পর কার্টন থেকে একটি বাক্স বের হয়। বাক্সটি উল্টানোর সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভ্যানচালক নাসির মারাত্মক জখম হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কার্টনের ভেতরে কী ছিল এবং কে বা কারা এটি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যাদি সংগ্রহের কাজ করছে।