ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ

Printed Edition
আজিমনগরে মসজিদের জায়গায় নির্মিত হচ্ছে দোকান  : নয়া দিগন্ত
আজিমনগরে মসজিদের জায়গায় নির্মিত হচ্ছে দোকান : নয়া দিগন্ত

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দীঘির পাড় এলাকায় একটি মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিজানুর রহমান ভুলু ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানমাত্তা গ্রামের প্রবাসী মিজানুর রহমান ভুলু মাতৃসূত্রে পাওয়া জমিতে নিজস্ব অর্থায়নে এলাকাবাসীকে নিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি তার অনুপস্থিতিতে স্থানীয় শাহাদাত মুন্সী মসজিদের সামনের অংশ ও পাশে দোকানঘর নির্মাণ শুরু করেন বলে অভিযোগ।

মিজানুর রহমানের দাবি, দোকান নির্মাণে বাধা দিলে শাহাদাত মুন্সী জমিটি তার নিজের বলে দাবি করেন। এ নিয়ে তাকে হেনস্তা ও হামলার চেষ্টার অভিযোগও করেন তিনি। পরে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।

তবে সরেজমিন মসজিদের সামনের অংশে দোকানঘর নির্মাণ এবং নির্মাণকাজ চলমান থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে স্থানীয়রা জানান। কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, মসজিদটি মিজানুর রহমান ভুলুর উদ্যোগে নির্মিত এবং জায়গাটি তার দখলে ছিল বলে তারা জানেন।

অভিযোগের বিষয়ে শাহাদাত মুন্সীর বক্তব্য পাওয়া যায়নি। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।