বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর চ্যানেলের প্রবেশমুখে চরে আটকা পড়া মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ সিএনসি ইউরেনাসকে উদ্ধার করে বহির্নোঙ্গরের ব্রাভোতে নেয়া হয়েছে। বিশ্বস্বীকৃত কাসিফিকেশন প্রতিষ্ঠানের মাধ্যমে আন্ডার ইন্সপেকশন সার্টিফিকেটের ভিত্তিতেই জাহাজটিকে জেটিতে ভেড়ার অনুমতি দেয়া হবে বলে বন্দর সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম নয়া দিগন্তকে বলেন, রাতভর পরিচালিত একটি সুসংগঠিত ও নিখুঁত উদ্ধার অভিযানের মাধ্যমে সমন্বিত প্রচেষ্টায় আটকে পড়া কনটেইনার জাহাজ সিএনসি ইউরেনাসকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে জাহাজটিকে নিরাপদে বি অ্যাঙ্করেজে নোঙর করানো হয়েছে, ফলে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের কার্যক্রম কোনো ধরনের বাধা ছাড়াই স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম চবক ছাড়াও এতে বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড সহযোগিতা করেছে।
এর আগে সোমবার বেলা আড়াইটার দিকে ১৭০ মিটার দীর্ঘ এ জাহাজ কর্ণফুলী নদীর চ্যানেলে প্রবেশের সময় যান্ত্রিক ত্রুটি- স্টিয়ারিং বিকলতায় ২ নম্বর লাল বয়ার সাথে ধাক্কা খায় এবং নেভাল একাডেমির পাশে নদী মোহনারসংলগ্ন রিটেইনিং ওয়ালের ওপর আছড়ে পড়ে (গ্রাউন্ডেড হয়)।
চীনের শিকৌ বন্দর থেকে আসা ৯.৫০ মিটার ড্রাফটের এই জাহাজটিতে মোট এক হাজার ২৮২ টিইইউএস পণ্যবাহী কনটেইনার এবং মাস্টারসহ ২৪ জন নাবিক রয়েছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল (বাংলাদেশ)।



